রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় দুর্বৃত্তরা একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দেয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

















