দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশাল বিভাগে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুজন রয়েছেন। এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।
চলতি বছরের মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরের গত দুই দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন এবং রাজশাহী বিভাগে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

















