চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামিতে সেমিফাইনালে ওঠার এই হাইভোল্টেজ লড়াইয়ে ইংলিশদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে থাকা এই ফরোয়ার্ডকে আটকানোর কৌশল নিয়ে মুখ খুলেছেন ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্স।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে হালান্ডকে আটকানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে ২৩ বছর বয়সী রজার্স এই চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। তিনি রসিকতা করে বলেন, আর্লিং হালান্ডকে কি কেউ কখনো থামাতে পেরেছে? আমি নিশ্চিত নই যে কেউ পেরেছে কিনা, তবে আমরা অবশ্যই চেষ্টা করব। তিনি আরও বলেন, ম্যানচেস্টার সিটির এই বিধ্বংসী ফরোয়ার্ডকে থামানোর হয়তো কোনো নিখুঁত উপায় নেই, তবে তার কাছে বলের যোগান বা সাপ্লাই লাইন কেটে দেওয়াই ইংল্যান্ডের মূল কৌশল হতে যাচ্ছে।
হালান্ডের গোলক্ষুধা নিয়ে রজার্স মন্তব্য করেন যে, তিনি একজন অবিশ্বাস্য খেলোয়াড় এবং তার পরিসংখ্যানই প্রমাণ করে সে কতটা দুর্দান্ত। রজার্সের মতে, ইংল্যান্ডের লক্ষ্য থাকবে যেন হালান্ডের কাছে বল পৌঁছাতে না পারে এবং তিনি কোনো সুযোগ তৈরি করতে না পারেন, কারণ গোলপোস্টের সামনে তিনি অত্যন্ত বিপজ্জনক। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, নরওয়ে দলে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের মতো আরও অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন।
চলতি বিশ্বকাপে হালান্ড ইতোমধ্যেই ৭টি গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। অন্যদিকে, ইংল্যান্ড এই ম্যাচে মাঠে নামছে তাদের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় এক জয়ের আত্মবিশ্বাস নিয়ে। শেষ ষোলোর ম্যাচে ১০ জন নিয়ে খেলেও মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন থমাস টুখেলের শিষ্যরা।

















