নোয়াখালীর হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। রোববার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। তারা বাসে আগুন দেওয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার অপচেষ্টা করছে। আমাদের এসব অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনায় নিয়ে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। হাতিয়ার ১১টি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিহাস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার এবং ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম সভায় উপস্থিত ছিলেন।
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮: ৩৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮: ৪০

















