অর্থনীতি

দেশের বাজারে ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি

প্রতিবেদক
সব খবর

দেশের বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এবার প্রথমবারের মতো ভারত থেকে ইলিশ আমদানি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ভারতের গুজরাতের ভরুচ এবং পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছবাজার থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে পৌঁছেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মৌসুমে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রত্যাশার চেয়ে কম হওয়ায় অভ্যন্তরীণ ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট নিরসনে ব্যবসায়ীরা ভারত থেকে মাছ আমদানির উদ্যোগ নিয়েছেন। আমদানি করা এই ইলিশের একটি অংশ দেশের বাজারে বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশেও রফতানি করা হচ্ছে।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, সাধারণত বাংলাদেশ থেকে ভারতে বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ রফতানি হয়ে থাকে। তবে এবার বাংলাদেশে ইলিশের তীব্র ঘাটতির কারণে প্রথমবারের মতো উল্টো চিত্র দেখা যাচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের বাজারে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি থাকায় গুজরাত থেকে মূলত এই ধরনের ইলিশ আনা হচ্ছে। এমনকি আমদানি করা ইলিশের ডিম আলাদা করেও বাজারে বিক্রি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, গুজরাত থেকে আসা ইলিশ প্রক্রিয়াজাত করার পাশাপাশি কিছু মাছ শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। বিশ্বের মোট ইলিশের একটি বড় অংশ বাংলাদেশে আহরণ করা হলেও, চলতি মৌসুমে জোগান কমে যাওয়ায় স্থানীয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই ব্যবসায়ীদের একটি অংশ ভারত থেকে ইলিশ আমদানির পথ বেছে নিয়েছেন।

সব খবর