এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য ভূগোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থীই বিষয়টিকে কেবল মুখস্থ করার বিষয় মনে করে ভুল করে, কিন্তু বাস্তবে এটি ধারণা, বিশ্লেষণ, প্রয়োগ এবং উপস্থাপনার একটি সমন্বিত রূপ। সঠিক প্রস্তুতি ও কৌশল অবলম্বন করলে এই বিষয়ে সহজেই কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব।
পরীক্ষায় ভালো করার প্রথম শর্ত হলো বহুনির্বাচনি অংশে (এমসিকিউ) গুরুত্ব দেওয়া। সৃজনশীল অংশে ভালো করেও অনেকে এমসিকিউতে নম্বর হারানোর কারণে পিছিয়ে পড়ে। তাই প্রতিটি অধ্যায়ের সংজ্ঞা, তথ্য, বৈশিষ্ট্য, মানচিত্রভিত্তিক উপাদান, চিত্র, সাল ও পরিসংখ্যান নিয়মিত অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হবে।
জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়ার সময় অপ্রয়োজনীয় লেখা এড়িয়ে সরাসরি পাঠ্যবই অনুসরণ করা জরুরি। সংজ্ঞা, কী, কাকে বলে বা ব্যাখ্যা করো—এ ধরনের প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের আলোকে সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। অন্যদিকে, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার (গ ও ঘ) প্রশ্নের উত্তর দেওয়ার সময় উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ে মূল ধারণা বের করতে হবে। নিজের মতামত, বিশ্লেষণ, যুক্তি এবং প্রাসঙ্গিক উদাহরণের পাশাপাশি প্রয়োজনে মানচিত্র ও চিত্র ব্যবহার করলে উত্তরের মান বাড়ে এবং ভালো নম্বর পাওয়া যায়।
ভূগোলের উত্তরের মান বৃদ্ধিতে মানচিত্র, চিত্র, ফ্লোচার্ট ও ছকের ভূমিকা অপরিসীম। প্রশ্নে সরাসরি না চাইলেও যেখানে প্রয়োজন, সেখানে ছোট চিত্র বা মানচিত্র ব্যবহারের অভ্যাস করলে পরীক্ষকের কাছে উত্তর সহজবোধ্য হয়। সেই সঙ্গে লিখে অনুশীলন করার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট সময়ে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করলে পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা সহজ হয়, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
বাজারের বিভিন্ন গাইড বা নোটের ওপর নির্ভর না করে মূল পাঠ্যবইকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। বোর্ড প্রশ্ন, নির্বাচনী পরীক্ষা ও মডেল টেস্টের প্রশ্নগুলো সমাধান করলে প্রস্তুতি আরও শক্তিশালী হয়। পরীক্ষার আগে নতুন কিছু না শিখে আগে পড়া বিষয়গুলো বারবার রিভিশন দেওয়া উচিত। মনে রাখতে হবে, উত্তর বড় করলেই বেশি নম্বর পাওয়া যায় না, বরং প্রশ্নে যা চাওয়া হয়েছে তা তথ্যভিত্তিক ও সুসংগঠিতভাবে উপস্থাপন করাই আসল।
পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা ভালোভাবে পড়ে যেগুলোর উত্তর সবচেয়ে ভালো জানা আছে, সেগুলো আগে লেখা শুরু করতে হবে। পরিষ্কার ও সুন্দর উপস্থাপনা পরীক্ষকের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। পরিকল্পিত প্রস্তুতি, আত্মবিশ্বাস ও নিয়মিত চর্চাই ভূগোলে এ+ অর্জনের মূল চাবিকাঠি।
ভূগোল ১ম পত্র: পরামর্শএইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়।

















