ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ কর্মকর্তাদের কোনো ধরনের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং অর্জিত জ্ঞান ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার পূর্বশর্ত উল্লেখ করে তিনি অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
সেবা নিতে আসা কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বদা সজাগ থাকার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন আইজিপি। এছাড়া বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষ হতে হবে। নবীন কর্মকর্তাদের ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইজিপি। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন এবং সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আইজিপি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।

















