অপরাধ

আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
সব খবর

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লার কোটবাড়ির সানন্দা পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিম নামের এক কিশোরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, ঘটনার দিন বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে পাহাড়ঘেরা নির্জন বনের ভেতরে অপ্রতিমের আইফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে আসামিরা। অপ্রতিম বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় উপর্যপুরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত তুহিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে তাকে কৌশলে নির্জন ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ফাহাদ এবং পরে কামরুলকে হেফাজতে নেওয়া হয়। তুহিন শুরুতে পুলিশকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করলেও, পরে তার বাসার তোশকের নিচ থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে, যার সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

নিহত অপ্রতিমের বয়স ১৩ বছর। অন্যদিকে, প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর, যে কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ড্রপআউট হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে অপ্রতিম বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার সকালে লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে শনিবার মধ্যরাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রামিসা হত্যাকাণ্ডের মতো এই মামলার বিচারকার্যও দ্রুত সম্পন্ন করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

সব খবর