জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে একাধিক ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের তীব্র তোপের মুখে শেষ পর্যন্ত ডিন কার্যালয় ছাড়তে হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে জবি শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি এবং সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ড. আইনুল ইসলামের নিয়োগকে ‘ফ্যাসিবাদের পুনর্বাসন’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের স্লোগান ও অবস্থানের মুখে ড. আইনুল ইসলাম ডিন কার্যালয় ত্যাগ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ড. আইনুল ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ সামনে এনে তাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। তাদের ভাষ্যমতে, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। ঘটনাস্থলে উপস্থিত জুলাই যোদ্ধা ও বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ড. আইনুল ইসলামের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান এবং ৩ আগস্ট গণভবনের বৈঠকে অংশগ্রহণের স্পষ্ট প্রমাণ রয়েছে। এসব বিষয়ে জবাব চাইলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তাই জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নেওয়া কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার নেই।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে ক্যাম্পাসে আহত ও অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মতে, তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নেওয়া কোনো শিক্ষককে ডিন হিসেবে নিয়োগ দেওয়া আন্দোলনসংশ্লিষ্টদের জন্য অপমানজনক। ঘটনার সময় শিক্ষার্থীরা অধ্যাপক আইনুল ইসলামকে চলে যাওয়ার আহ্বান জানালে উত্তেজনা তৈরি হয়। পরে প্রক্টর ও সহকারী প্রক্টররা এসে তাকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দেন। জাফর আহমেদ আরও জানান, তারা প্রশাসনকে জানিয়েছেন যে বিষয়টি প্রশাসনিকভাবেই সমাধান করতে হবে। যারা জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জুলাই যোদ্ধারা ড. আইনুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে তিনি ডিন অফিস ত্যাগ করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। অন্যদিকে, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দাবি করেন, তিনি পরিস্থিতি বিবেচনায় সসম্মানে অফিস ত্যাগ করেছেন। তিনি বলেন, ডিন হিসেবে তার নিয়োগ সম্পূর্ণ আইনগতভাবে হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোই উদ্দেশ্যপ্রণোদিত। গণভবনের বৈঠকে তৎকালীন রেজিস্ট্রার হিসেবে প্রশাসনের নির্দেশে তিনি উপস্থিত ছিলেন বলে জানান তিনি। অভিযোগগুলোর প্রকৃত সত্য খতিয়ে দেখার আহ্বান জানান এই অধ্যাপক।

















