কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জনের মৃত্যু হয়।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) কলকাতার বেহালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি কলকাতা থেকে পালিয়ে যান এবং ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়িতে ফিরে আসার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ওই মর্মান্তিক ঘটনার পর শুক্রবার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কর্তৃপক্ষ ১১টি হোটেল বন্ধ করে দিয়েছিল। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

















