লিওনেল মেসি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর থেকেই তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, মেসির এই আইকনিক জার্সিটি এখনো কাউকে দেওয়া হয়নি এবং আপাতত তা কাউকে দেওয়ার কোনো পরিকল্পনাও নেই দলের।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির জাতীয় দলের জার্সি গায়ে সম্ভাব্য বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত তারা এটি কাউকে দেবেন না। তবে তিনি স্বীকার করেছেন যে, ভবিষ্যতে কেউ না কেউ জার্সিটি অবশ্যই পরবে, কারণ এটি একটি বিশেষ জার্সি। কিন্তু সেই ব্যক্তি কে হবেন, তা এখনো নির্ধারিত হয়নি।
মেসির শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ নিয়ে স্কালোনি জানান, তারা ভিন্নভাবে খেলার পথ খুঁজছেন। তিনি বলেন, এই ম্যাচগুলো মূলত পরীক্ষার জন্য। দলের মূল খেলার ধরন থাকবে বল নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া।
এদিকে কোচ স্কালোনির চুক্তি নবায়ন নিয়েও তৈরি হয়েছে সম্ভাবনা। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। যদিও বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে তার আলোচনা হয়েছে। এই নতুন চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে স্কালোনি বলেন, তারা সবসময় প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন এবং নতুন প্রতিভারা জাতীয় দলে খেলার জন্য মুখিয়ে আছেন। এই আন্তর্জাতিক উইন্ডোতে কোনো খেলোয়াড়ই জাতীয় দলের ডাক প্রত্যাখ্যান করেননি, যা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে উচ্চ পর্যায়ে পারফর্ম করার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

















