আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে কিছুটা হ্রাস লক্ষ্য করা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তির লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে প্রস্তাব বিনিময়ের খবর ছড়িয়ে পড়ার পরই এই প্রভাব পড়েছে।
বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ফিউচার্সের তেলের দাম ব্যারেল প্রতি ১.৪২ ডলার বা ১.৫৬ শতাংশ কমে ৮৯.৩২ ডলারে নেমে এসেছে। অথচ এর আগে দিনের শুরুতে দাম সর্বোচ্চ ৯৩.৩১ ডলারে উঠেছিল। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ১.১৪ ডলার বা ১.৩৫ শতাংশ কমে ৮৩.৩২ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে সর্বোচ্চ ৮৫.৯৪ ডলারে পৌঁছেছিল।
ক্যাপিটাল ইকোনমিক্স-এর জলবায়ু ও পণ্য বিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন এই পরিস্থিতি সম্পর্কে বলেন, ওমান ও ইরানের মধ্যে চলমান এই আলোচনা ইঙ্গিত দিচ্ছে যে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে হয়তো ইতিবাচক অগ্রগতি অর্জিত হতে যাচ্ছে।

















