পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের নবজাতকদের নার্সারিতে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল, যার মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করছেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নবজাতক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে দমকলকর্মীরা শীতলীকরণ বা কুলিং কার্যক্রম পরিচালনা করছেন। মর্মান্তিক এই ঘটনার কারণ ও পরিস্থিতি পর্যালোচনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

















