পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ সদর দপ্তরের মসজিদে একটি ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এই হামলা চালানো হয়।
হামলায় আরও ৫০ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাদেশিক পুলিশের আইজি জুলফিকার হামিদ জানিয়েছেন, জুমার নামাজের সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ লাইন্সের প্রধান ফটকে ধাক্কা দেয় এক আত্মঘাতী হামলাকারী। এরপর আরও কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দীর্ঘ গোলাগুলি শুরু হয়।
এই গোলাগুলির মধ্যেই স্পেশাল ব্রাঞ্চ ভবনে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পুলিশের কড়া প্রতিরোধের মুখে একজন আত্মঘাতী হামলাকারীসহ অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

















