উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় এসব শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিন বছরের প্রতিটি বছর থেকে আটজন করে মোট ২৪ শিক্ষার্থীকে এই পদকের জন্য নির্বাচন করা হয়েছে।
২০১৯ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।
২০২০ সালের জন্য মনোনীত আট শিক্ষার্থী হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাতুজ্জোহরা এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আল-আমিন মিলন।
এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।
ইউজিসির রিসার্চ গ্র্যান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৫ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে এই তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। ইউজিসি জানিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পুনরায় যাচাই শেষে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ ইউজিসিকে অবহিত করতে বলা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ২০০৫ সালে ইউজিসি এই স্বর্ণপদক চালু করে, যা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারীদের প্রদান করা হয়।

















