শিক্ষার্থীদের সঠিক পেশা নির্বাচন এবং জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব বোঝাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘হুইচ ক্যারিয়ার ইজ রাইট ফর ইউ? আ রোডম্যাপ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনটি সম্পন্ন হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য বর্তমান সময়কেই উপযুক্ত উল্লেখ করে বলেন, কোনো পেশাকে ছোট বা বড় হিসেবে না দেখে কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটিকে প্রাধান্য দেওয়া জরুরি। উপাচার্য আরও গুরুত্ব দিয়ে বলেন, কাঙ্ক্ষিত পেশায় সফল হওয়ার জন্য কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের বিকল্প নেই। একাডেমিক পড়াশোনা শেষ করার পর অলস সময় নষ্ট না করে পছন্দের পেশায় বিশেষ দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ সাব-প্রজেক্টের উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের এএসপিএম ও বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।

















