রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার বর্ণনা দিয়ে লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড়ের বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছামাত্র পেছন থেকে একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে বিদ্ধ হয় এবং বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তার পেট ঘেঁষে চলে গেলেও তিনি অক্ষত রয়েছেন।
আহত অবস্থায় লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে আছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

















