বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। একইসঙ্গে ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে এই জেলায়, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরের অংশ হিসেবে তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এরপর কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজন শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন। দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে তিনি জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে উপস্থিত হবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা এই সফরকে তাদের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

















