জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান দেশবাসীকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করা যাবে না। বিবৃতিতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন দেশপ্রেমিক সেনাসদস্য এবং সাধারণ জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাশেদ প্রধান স্মরণ করিয়ে দেন যে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই ঐতিহাসিক দিনে জনতার কণ্ঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ও ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’ স্লোগান মুখরিত ছিল। তিনি বলেন, আধিপত্যবাদবিরোধী সেই চেতনায় আজও নতুন করে বলীয়ান হতে হবে।
তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জাগপা মুখপাত্র বলেন, ৩ নভেম্বর সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, বাংলার দামাল ছেলেরা ৭ নভেম্বর তা প্রতিহত করেছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
দেশবাসীকে সতর্ক করে রাশেদ প্রধান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনগণের মনে নতুন স্বপ্নের সূচনা করলেও বহুমুখী ষড়যন্ত্র এখনো বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা নতুন করে দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে ৭ নভেম্বরের মতো আপামর জনতাকে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান তিনি।

















