সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে এই অভিযান শুরু হয়। অভিযানে সাভার মডেল থানা পুলিশ এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পরপরই নিরাপত্তার স্বার্থে মাইকিং করে আশপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকসহ সাধারণ মানুষকেও ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিস্ফোরকগুলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ সতর্কতার সাথে নিষ্ক্রিয় ও অপসারণ করেছে। রাত সাড়ে ১০টার দিকে আটক আরিফ হোসেনকে নিয়ে সিটিটিসির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তবে অভিযানের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা নাগাদ ভবনটি ঘিরে সিটিটিসির কার্যক্রম অব্যাহত ছিল। আটক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার করা বিস্ফোরকের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

















