২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র ১৮ মাস বাকি থাকলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হঠাৎ করেই টুর্নামেন্টের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। এই আকস্মিক সিদ্ধান্তের কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, আইসিসির এই সিদ্ধান্ত সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে এসেছে।
নতুন এই কাঠামো অনুযায়ী, ‘সুপার সিরিজ’ নামে একটি নতুন পর্ব যুক্ত করা হয়েছে যেখানে র্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হবে। এরপর শীর্ষ দলটি পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। এই পরিবর্তন নিয়ে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের বিবৃতিতে বলেছে, বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি অর্জিত হয়েছে, এমন সিদ্ধান্ত তা ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে। যখন ক্রিকেট তার পরিধি বাড়ানো এবং নতুন দর্শক টানার চেষ্টা করছে, তখন সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দেওয়া একটি ভুল বার্তা দেয়।
আইসিসির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা আরও জানিয়েছে, আইসিসি ও অন্যান্য সদস্যদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাছাইপর্বের মাঝামাঝি সময়ে এমন কাঠামোগত পরিবর্তন চরম অনিশ্চয়তা সৃষ্টি করেছে, যা সীমিত সম্পদের ওপর নির্ভরশীল সংস্থাগুলোর জন্য পরিচালনাগত ও আর্থিক চাপ বাড়িয়ে তুলেছে। তাদের মতে, এমন বড় পরিবর্তনের আগে পর্যাপ্ত আলোচনার প্রয়োজন ছিল। উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

















