শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ভারতীয় তৈরি পোশাকগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ জানান, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

















