টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো সেনাসদস্য তিতাস শেখের মরদেহ শেষ পর্যন্ত তার নিজ গ্রামে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে একটি হেলিকপ্টারযোগে তার মরদেহ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আনা হয়। পদ্মা সেনানিবাসে নিযুক্ত মেজর সোহেল আহমেদের নেতৃত্বে ১৫ আর-ই (রিভারনিং ইঞ্জিনিয়ারিং) ব্যাটেলিয়ানের সদস্যরা মরদেহটি গ্রহণ করেন এবং পরে সড়ক পথে তা লস্করদিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
প্রিয়জনের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আহাজারিতে লস্করদিয়া গ্রামের পরিবেশ ভারি হয়ে ওঠে। মাগরিবের নামাজ শেষে স্থানীয় আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে তিতাসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রতিবেশী ও স্বজনরা অংশ নেন।
জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল তিতাসকে গার্ড অব অনার প্রদান করে। কক্সবাজারের রামু সেনানিবাসের একবীর ইউনিট অফিসার ক্যাপটেন সাজিদ এই গার্ড অব অনারের নেতৃত্ব দেন। সামরিক সশস্ত্র সালাম ও যথাযথ মর্যাদায় শুক্রবার সন্ধ্যায় লস্করদিয়া কবরস্থানে তার নানীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই সেনাসদস্যকে।

















