রাজধানীর মিরপুরে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনাটি ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যানুযায়ী, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখার পরপরই বাসের চালক ও হেলপার দ্রুত বাসের ভেতরের সিটগুলো সরিয়ে ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল শুক্রবার রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

















