নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করার লক্ষ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০টি গ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছেন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মাদকবিরোধী সমাবেশে স্থানীয়রা মাদকের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আ. মোতালেব সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারীক। সমাবেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি আব্দুল বারীক বলেন, মাদক সমাজের জন্য একটি অভিশাপ, যা পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে মাদক প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি গাজী আওলাদ হোসেন।
বক্তব্যে নুরে ইয়াসিন নোবেল বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রতিটি সচেতন মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসনের চলমান অভিযানে সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। অন্যান্য বক্তারা বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, জুয়া ও সকল প্রকার অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা জরুরি। এজন্য পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি তরুণদের শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন তারা।

















