সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন যে, স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে তারা পালিয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সভায় মন্ত্রী এসব কথা বলেন। বিরামপুর পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেলেও তারা অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই খাতগুলোসহ রাস্তাঘাট, সার ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয় বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কারের জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার ইনশাআল্লাহ দেশের এই সমস্যাগুলো সমাধান করবে।
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।

















