নেপালে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। গত ১০ সেপ্টেম্বর তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী জানান, গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের ওপর। বালেন্দ্র শাহ উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে, তা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যার পর পুনরুদ্ধার কার্যক্রম এবং মানুষের জীবন পুনর্গঠনে এই অর্থ বিশেষভাবে কাজে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের বিষয়টি উল্লেখ করে বালেন্দ্র শাহ বলেন, এই উদ্যোগ নেপালের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ। নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের সহযোগিতা নেপালের মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে।

















