যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি স্বীকার করেছে। মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণকারী অস্ত্র রয়েছে। এই ঘোষণার পর চীন ও রাশিয়া ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে।
মহাকাশ নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই অস্ত্র মোতায়েনের কথা জানালেন মেইঙ্ক। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, ওয়াশিংটনের অস্ত্র মোতায়েনের বিষয়টি এতদিন ‘ওপেন-সিক্রেট’ ছিল। তবে তারা এমন সময়ে এই ঘোষণা দিয়েছে যা বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে।
মার্কিন সামরিক ব্যবস্থায় মহাকাশের গুরুত্ব অপরিসীম। যোগাযোগ, নেভিগেশন, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ, গোয়েন্দা নজরদারি এবং সামরিক লক্ষ্য নির্ধারণে স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কোনো বড় সংঘাতে প্রতিপক্ষের স্যাটেলাইট অকার্যকর করা গেলে তা সামরিক সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলতে পারে। তবে যুক্তরাষ্ট্র কী ধরনের অস্ত্র কক্ষপথে রেখেছে, তা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এগুলো সরাসরি স্যাটেলাইট ধ্বংস করার কাইনেটিক অস্ত্র না হয়ে ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম, যেমন জ্যামার বা অন্য কোনো নন-কাইনেটিক ব্যবস্থা হতে পারে। কারণ স্যাটেলাইট ধ্বংস করলে বিপুল পরিমাণ মহাকাশের ধ্বংসাবশেষ তৈরি হতে পারে, যা নিজেদের স্যাটেলাইটের জন্যও ঝুঁকি তৈরি করবে।
যুক্তরাষ্ট্র এই সক্ষমতা বাড়ানোর পেছনে চীন ও রাশিয়ার মহাকাশভিত্তিক সামরিক কার্যক্রমকে বড় কারণ হিসেবে তুলে ধরছে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, এই দুই দেশ মার্কিন ও মিত্রদের স্যাটেলাইটকে নজরদারি, বাধাগ্রস্ত বা সম্ভাব্যভাবে আক্রমণ করার সক্ষমতা বাড়াচ্ছে। মার্কিন স্পেস ফোর্সের নিজস্ব মূল্যায়নেও চীনের দ্রুত বাড়তে থাকা মহাকাশ সক্ষমতা ও স্যাটেলাইটভিত্তিক সামরিক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। মেরিল্যান্ডের এক সম্মেলনে মার্কিন স্পেস অপারেশন্সের প্রধান জেনারেল ডগলাস শিয়েসও তার বক্তব্যে জানান, স্পেস ফোর্স না থাকলে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করা সম্ভব হতো না।
এদিকে, ট্রয় মেইঙ্কের ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রকে মহাকাশ সামরিকীকরণ, অস্ত্র মোতায়েনের প্রতিযোগিতা ও যুদ্ধক্ষেত্রে পরিণত না করার বিষয়ে সতর্ক করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নেওয়া বন্ধ করে।’ এএফপি লিখেছে, এই দুই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে মহাকাশেও সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। মার্কিন স্পেস ফোর্সের মতে, সামরিক আধুনিকায়ন কৌশলের অংশ হিসেবে চীন মহাকাশ ও ‘কাউন্টার-স্পেস’ সক্ষমতা পরিচালনা করছে। অন্যদিকে রাশিয়াও মহাকাশকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখে এবং মনে করে ভবিষ্যতের সংঘাতে মহাকাশের আধিপত্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে।

















