শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সিনেমাটি মুক্তির ১০০ দিন বাকি থাকার বিশেষ মুহূর্তে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানেই সিনেমাটিতে অরিজিৎ সিংয়ের গান থাকার জোরালো ইঙ্গিত দিয়েছেন তিনি। এক ভক্ত শাহরুখকে ‘কিং’ সিনেমার একটি গান প্রকাশের অনুরোধ জানালে উত্তরে তিনি জানান, অরিজিৎ সিং এখনো গানের চূড়ান্ত কাজ করছেন। অরিজিৎ তার কাজের ক্ষেত্রে নিখুঁত হতে পছন্দ করেন, তাই গানটি প্রস্তুত করতে কিছুটা সময় লাগছে।
সিনেমাটির মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে থাকা কৌতূহলও মেটান শাহরুখ। ডিসেম্বরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির কথা উল্লেখ করে সিনেমাটির তারিখ নিয়ে জটিলতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে শাহরুখ স্পষ্ট জানান, তিনি বক্স অফিসের প্রতিযোগিতা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। তিনি অন্যদের রুটির টুকরোর সঙ্গে তুলনা করে নিজেকে মাঝখানের সুস্বাদু ‘টিক্কি’ হিসেবে অভিহিত করেন। এছাড়া এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি নিজের একটি সুগন্ধির বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে সেটিকে তার ‘সাফল্যের সুগন্ধি’ বলে মন্তব্য করেন।
‘কিং’ সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।
গত বছরের নভেম্বরে শাহরুখের ৬০তম জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করে। সেই ঝলকে শাহরুখকে এক সাবেক গ্যাংস্টারের চরিত্রে দেখা যায়, যার অতীত অন্ধকার ও রহস্যময়। নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য ও অন্ধকার আবহে তৈরি এই চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

















