ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরিয়ম বেগমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানিয়েছেন, মরহুমার প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। চলচ্চিত্র অঙ্গনের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বললেই চলে। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর সংবাদে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মরিয়ম বেগমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন পপি। নিজের অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে বর্তমানে দীর্ঘ সময় ধরে তিনি অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন।

















