সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা—উভয়ই কমেছে। রাজশাহী শিক্ষাবোর্ডের সামগ্রিক ফলাফলেও বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে, যেখানে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫.৬ শতাংশ। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও বরাবরের মতো নিজেদের ঈর্ষণীয় সাফল্যের ধারা বজায় রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং তাদের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজ থেকে অংশ নেওয়া ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এমন সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

















