বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাকে আদালতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। তুরাগ নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে বিকেল ৩টার দিকে রিমান্ড শুনানির কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পিবিআই। তিন দিনেও মামলা না হওয়ায় শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা দায়ের করলে দীপকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সৌরির ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ সাড়া দিয়ে নিজের বাইক নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন। দীপ বৃহস্পতিবার দাবি করেছিলেন, উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একসঙ্গে রাতের খাবার খেয়ে তারা আলাদা হয়ে যান। তবে পিবিআই হেফাজতে থাকাকালীন দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়। ওই এলাকাটি মাদকস্পট হিসেবে পরিচিত এবং সেখানে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা দীপ স্বীকারও করেছেন। পিবিআই কর্মকর্তারা শুক্রবার দীপকে নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছিলেন।

















