আইন ও আদালত

বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ ৫ আসামির

প্রতিবেদক
সব খবর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজন আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বার কাউন্সিলের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাংবাদিক ফারজানা রূপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ আর থাকছে না।

বার কাউন্সিল জানিয়েছে, কোনো বিদেশি আইনজীবী মামলা পরিচালনার সময় পেশাগত অসদাচরণ করলে তাকে জবাবদিহির আওতায় আনার বা ব্যবস্থা নেওয়ার মতো কোনো বিধান তাদের আইনে নেই। সার্বিক বিষয় বিবেচনা করেই বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে সরাসরি লড়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীরা সহযোগিতা করতে পারবেন, সেই সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

এর আগে সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়ার জন্য যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। গত ১৪ আগস্ট তিনি বার কাউন্সিলের সচিবের কাছে এই আবেদন জমা দেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করে তিনি স্থানীয় আইনজীবীদের পাশাপাশি বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হলের স্বাক্ষরিত সেই আবেদনটি ২৪ আগস্ট বার কাউন্সিল গ্রহণ করেছিল, যার বিষয়ে মুনসুরুল হক চৌধুরী গত ৩০ আগস্ট নিশ্চিত করেছিলেন।

সব খবর