প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৫। যুক্তরাষ্ট্রের টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে নিয়মিত প্রশিক্ষণ মিশন পরিচালনার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সৌভাগ্যবশত, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে (ইজেক্ট) আসতে সক্ষম হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে যে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করেছিল। প্রশিক্ষণ চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাটি একটি আবাসিক এলাকার কাছাকাছি সংঘটিত হলেও কোনো বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার ফলে এলাকাটিতে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা সকল বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টা ৪৪ মিনিটে ওই নির্দেশ প্রত্যাহার করা হয়।

















