অপরাধ

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও হওয়ার অভিযোগ

প্রতিবেদক
সব খবর

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। নিখোঁজ ওই নারী দুই সন্তানের জননী এবং সম্পর্কে শেখ রহমত উল্লাহর চাচাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে তার দেবর শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় ওই নারী সাথে করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম—উভয়েরই মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছিলেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর প্রবাসী ইব্রাহিম খলিলকে জানানো হয়। এরপর পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা আত্মগোপনে চলে যান। নিখোঁজ মরিয়ম বেগমের ঘরে ১০ ও ৬ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।

রবিবার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় উপস্থিত হন। তারা নিখোঁজ দুজনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের অবস্থান বা তাদের পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সব খবর