সারা দেশে সংক্রামক রোগ হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। একই সময়ে দেশে নতুন করে আরও এক হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে শনিবার নিশ্চিত হামে একজনের এবং হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছিল। ওইদিন নতুন করে আক্রান্ত হয়েছিল এক হাজার ২০ জন শিশু। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জনের এবং হাম সন্দেহে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।

















