স্বাস্থ্য

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০৫

প্রতিবেদক
সব খবর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে শিশু প্রাণ হারিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই বিভাগে ৪২৯ জন সন্দেহজনক এবং ৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্তের পাশাপাশি ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে রংপুর বিভাগে, যেখানে ২৬ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে এবং তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।

সব খবর