সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভিকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালহা আহমেদ অভিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত তালহা সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করার ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ জানান, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেওয়ার পরই বিষয়টি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
















