শরতের নীল আকাশ আর সোনাঝরা রোদে সোমবার বেতনা নদী যেন এক নতুন রূপ ধারণ করেছিল। ভাদ্র-আশ্বিনের শান্ত নদীর বুকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। জলতরঙ্গে বৈঠার ছন্দ আর দুই পাড়ে সমবেত মানুষের উল্লাসে বেতনার তীরবর্তী এলাকা জনসমুদ্রে পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে ৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে সোমবার বেলা ২টায় এই বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আড়াই কিলোমিটার দীর্ঘ এই রোমাঞ্চকর প্রতিযোগিতার সূচনা হয় হাজীখালী গেট থেকে এবং এর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬টি সেরা দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। মূল আকর্ষণ হিসেবে আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দল, বামন ডাঙা, তেঁতুল ডাঙা এবং টেংরাখালি দল জলপথ কাঁপিয়ে তোলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম এবং দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করে। অংশগ্রহণকারী প্রতিটি দলকেই পুরস্কৃত করা হয়েছে।
পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা। গ্রাম বাংলার এই প্রাণের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহছান (রুবেল)। শরতের এই বিকেলে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সংস্কৃতিপ্রেমী মানুষ নদীর তীরে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন এবং এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করেন।

















