দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে রেলের ভাড়া বাড়াতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে রেলের ভাড়া অপরিবর্তিত থাকবে।
দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দূরপাল্লা ও শহর এলাকার বাসভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দামসহ পরিবহন খাতের বিভিন্ন ব্যয় বিবেচনা করে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ভাড়া বাড়ানোই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

















