রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী মেট্রোরেলের একটি বগির দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সকাল ৭টা ৩৭ মিনিট থেকে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার পথে ট্রেনটির পেছনের দিকের একটি দরজা খুলে যায়। নিরাপত্তা ও যান্ত্রিক জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন করে। সব প্রক্রিয়া শেষে সকাল ৮টা ৩ মিনিটে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয় এবং ট্রেনগুলো নির্ধারিত রুটে চলতে শুরু করে।
















