নাটোরে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে বায়েজিদ (৮) নামের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় আহত শিশুটির পরিবারের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খেলাধুলাকে কেন্দ্র করে বায়েজিদ ও শাকিলের মেয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে বায়েজিদকে শাকিল নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে।
পরে গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

















