পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন যে, বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি ঘুরে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর শহীদ মাজহারুল মনি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমারজেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের (বি-স্ট্রং—বাপাউবো অংশ) আওতায় ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা বাঁধের কাজ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এ্যানি চৌধুরী আরও বলেন, তারা নিজেদের আল্লাহর দল দাবি করে এবং প্রচার করে যে তাদের কাছেই কেবল বেহেশতের টিকিট আছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াত-শিবিরের সমালোচনা করে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই তাদের বিভিন্ন নারী কেলেঙ্কারি ও অপকর্মের ঘটনা সামনে আসে। এ সময় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করলেও মন থেকে বহিষ্কার করেনি। তিনি নারীঘটিত বিষয়ে জড়িয়ে পড়ার পাশাপাশি পারিবারিক সংকটের মুখে পড়ার ঘটনাও উল্লেখ করেন।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র সাত মাস হয়েছে এবং অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। অথচ বিএনপি শপথ নেওয়ার দিন যারা অংশ নেয়নি, সেই জামায়াত এখন সরকারের সমালোচনা করছে। তিনি অভিযোগ করেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো এবারও জামায়াত ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে আগামী পাঁচ বছর বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেবে না। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সতর্ক করে মন্ত্রী বলেন, ঠিকাদারদের কাছ থেকে নয়, বরং কাজের মান ও অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেই জবাবদিহিতা আদায় করা হবে।

















