প্রধানমন্ত্রী তারেক রহমান আজ, ২৪ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় রাত ৩টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি হবে সরকারপ্রধান হিসেবে তার প্রথম আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।
সরকার প্রধানমন্ত্রীর এই ভাষণকে তার পরিবারের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছে। মাহদী আমিন জানান, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।
সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। এছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পেতে পারে।
ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকেও অংশ নেন। সেখানে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

















