ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
গত রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। তিনি জানান, বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায় এবং জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে তারা আশাবাদী।
এর পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চান। তার প্রত্যাশা, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুইজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত।

















