প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৪। টানা তিন দিনের অবিরাম ভারী বর্ষণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে শহরটির ৫০টি জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবার এই ঘোষণা দেওয়া হয়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে এখন পর্যন্ত নগরীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অবিরাম এই বৃষ্টিপাতের ফলে ব্যাংককের প্রধান সড়ক এবং খালগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ও দোকানের ভেতরেও পানি ঢুকে পড়েছে। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রধান রাস্তাগুলো পানির নিচে ডুবে আছে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক গাড়ি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
গভর্নর চাদচার্ট জানান, নগরীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান যে শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি থেমে গেলে পানি দ্রুত নেমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নগর কর্তৃপক্ষ বর্তমানে বন্যার পানি নিষ্কাশনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর চাদচার্ট বলেন, বৃষ্টি থামছে না এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পানি পাম্প করে বের করার কাজ চলছে, কিন্তু খালগুলো ইতিমধ্যে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। যারা খালের আশেপাশে বসবাস করছেন, তারা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বাসিন্দাদের নিজেদের গাড়ি নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে যে রোববার পর্যন্ত থাইল্যান্ডের পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্য অঞ্চলে নিম্নচাপের প্রভাব থাকতে পারে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এর ফলে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, ভূমিধস এবং নদীর পানি উপচে পড়ার ঝুঁকি রয়েছে।

















