রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে নামলে এই পরিস্থিতির সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করার সময় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং এতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়। দুপুর পৌনে ১২টার দিকে মিরপুরের আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা অবস্থান নেন, অন্যদিকে পুলিশ মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
এ সময় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও সংখ্যায় ব্যবসায়ীরা বেশি থাকায় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে ব্যবসায়ীদের পাল্টা ইটপাটকেলের মুখে এক পর্যায়ে পুলিশকে পিছু হটতে দেখা যায়।
ঘটনাস্থলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিটি কর্পোরেশনের একটি গাড়ি পুড়ে গেছে। এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

















