দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সুবিধা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’ উন্মোচন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। এর সাথে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা দেওয়া হয়েছে, যা দিয়ে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। এছাড়া ইউএসবি টাইপ-সি পোর্টের পাশাপাশি এতে ১০ ওয়াটের তারযুক্ত বিপরীত চার্জিং সুবিধা রয়েছে, যার মাধ্যমে প্রয়োজনে অন্য যন্ত্রেও চার্জ দেওয়া যাবে।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই উচ্চ রিফ্রেশ রেটের ফলে স্ক্রলিং ও গেমিংয়ের সময় ব্যবহারকারীরা বেশ মসৃণ অভিজ্ঞতা পাবেন। ৮০০ নিটস উজ্জ্বলতার এই পর্দার সুরক্ষার জন্য যুক্ত করা হয়েছে আয়রন গার্ড প্রটেকশন। কার্যক্ষমতার জন্য এতে ইউনিসক টি৭২৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম সুবিধা রয়েছে, যার মধ্যে ৮ জিবি ভার্চুয়াল র্যাম। এর অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১২৮ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। সফটওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৬ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ উন্নীত করার সুবিধা থাকবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের স্বয়ংক্রিয় ফোকাস ক্যামেরা, যার অ্যাপারচার এফ/১.৮। ভিডিও ধারণের সময় কাঁপুনি কমাতে এতে ইলেকট্রনিক স্থিতিশীলকরণ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ছবি ও ভিডিও তৈরির জন্য এতে মোশন ফটো, দ্বৈত দৃশ্য ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইমোজি ও জিআইএফের মতো আধুনিক ফিচার রয়েছে।
ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটি আইপি৬৪ মানসম্পন্ন। নিরাপত্তা ও অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে এনএফসি, দ্বৈত স্পিকার, আঙুলের ছাপ শনাক্তকরণ ও ফেস আনলক সুবিধা। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে ফোনটি। গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফারসহ ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা এবং ক্রেতারা পাবেন ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা।

















