পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এই ত্রুটির সুযোগ নিয়ে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানো সম্ভব হতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয় বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, ঝুঁকি এড়াতে সার্ভারগুলো দ্রুত যাচাই করা প্রয়োজন। কোন সার্ভারে পিএইচপির কোন সংস্করণ ব্যবহার করা হচ্ছে তা শনাক্ত করার পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। এছাড়া সার্ভারে অননুমোদিত প্রবেশ ঘটেছে কিনা, সেটিও পরীক্ষা করা জরুরি।
বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহারের তালিকা করতে হবে। এরপর ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কিনা তা যাচাই করে অপারেটিং সিস্টেমের উপযোগী নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করতে হবে। হালনাগাদের পর প্রকৃত পিএইচপি রানটাইমে সংশোধন কার্যকর হয়েছে কিনা তা নিশ্চিত করাও জরুরি। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ইন্টারনেট থেকে প্রবেশাধিকার সীমিত করা, নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে সংযোগের অনুমতি দেওয়া এবং অননুমোদিত সংযোগ পর্যবেক্ষণের মতো সাময়িক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
গত বুধবার পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করা হয়, যা সার্ভারের মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডব্লিউআইজেড’র গবেষকেরা ত্রুটি দুটি শনাক্ত করেন। প্রথম ত্রুটির মাধ্যমে সার্ভারের মেমোরিতে থাকা তথ্য অননুমোদিতভাবে পড়া বা মেমোরির কার্যক্রমে বিঘ্ন ঘটানো সম্ভব। দ্বিতীয় ত্রুটিটি কাজে লাগিয়ে সার্ভারে অননুমোদিত কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে, যা সংবেদনশীল তথ্য চুরি ও অনলাইন সেবার নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে।
প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বিল্টউইথের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ২ কোটি ৪০ লাখ সক্রিয় ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হচ্ছে। ডব্লিউথ্রিটেকসের হিসাবে, যেসব ওয়েবসাইটের সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা শনাক্ত করা গেছে, তার প্রায় ৬৯ শতাংশই পিএইচপিনির্ভর। ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমসহ সংবাদমাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মে এই ভাষা বহুল ব্যবহৃত।
প্রযুক্তি বিশ্লেষক ও হোস্টিং ডটকমের বাংলাদেশের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন জানান, পিএইচপির নিরাপত্তা ত্রুটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দেশের সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলোকে দ্রুত পরীক্ষা করে নিরাপত্তা প্যাচ প্রয়োগ করতে হবে। শুধু ফায়ারওয়াল বা পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে নিয়মিত সার্ভারের লগ পরীক্ষা ও নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি। লিমডা হোস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জুনাইদ মিয়াজী জানান, নিরাপত্তা ত্রুটির খবর পাওয়ার পর তারা দ্রুত গ্রাহকদের সার্ভারে সংশোধিত প্যাচ প্রয়োগ করেছেন। হোস্টিং সেবাদাতাদের এ ক্ষেত্রে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

















