সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে। শুক্রবার এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ দশমিক ৯৬ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯৮ দশমিক ১২ ডলারে নেমে আসে।
সাময়িক এই দরপতন সত্ত্বেও, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা মে মাসের শুরুর পর সর্বোচ্চ সমাপনী পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে—এমন উদ্বেগের কারণেই তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাজারের সঙ্গে সংশ্লিষ্টরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর হামলার সম্ভাব্য প্রভাবের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন।

















